পিছিয়ে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আরও কিছুদিন পিছিয়ে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। বুধবার (৪ নভেম্বর) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেডিকেল ভর্তি পরীক্ষার নতুন তারিখ।
এ বিষয়ে অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সমান সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মেডিকেল ভর্তি পরীক্ষার ভর্তি নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হলে সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।


phiAdmission · Physics Hunters-এর একটি উদ্যোগ



