২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই সিদ্ধান্তের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ীই জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. শামছুল আলম বলেন, ইউজিসি যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত অনুসারেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকলেও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হচ্ছে এ বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
এর আগে, গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার আলী রেজা জানিয়েছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া শুক্র ও শনিবার বাদ দিয়ে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানিয়েছিলেন।