২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১ ফেব্রুয়ারির পর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ১ জানুয়ারি ২০২৭-এর পর।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এরপরই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি আরও জানান, সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও যেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সব শিক্ষার্থীর জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।