এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়। এ পরিস্থিতিতে পূর্বনির্ধারিত সময়সূচি পরিবর্তন করে ভর্তি পরীক্ষা পেছানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর (রবিবার) কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় ভর্তি পরীক্ষার নতুন সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ। তিনি জানান, উপাচার্যদের সভা শেষে ভর্তি পরীক্ষার নতুন একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছিল। এবারের ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের সার্বিক দায়িত্ব পালন করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। তবে শুরু থেকেই জানানো হয়েছিল, ২ জানুয়ারির তারিখটি চূড়ান্ত নয়; পরবর্তী আলোচনার ভিত্তিতে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি সম্পর্কে ড. ফারুক আহম্মদ আরও জানান, আগামী ১৫ নভেম্বরের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, ঈদের পর ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যায়। পাশাপাশি আগামী জুলাই মাসের দিকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে।