মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ‘ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে’ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এর মাধ্যমে দীর্ঘ কয়েক বছর পর অনুষদটিতে পুনরায় শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হলো।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক পত্রে এ অনুমোদন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সম্প্রসারণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক অগ্রগতির ক্ষেত্রেও এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে মার্চ মাসে
এ বিষয়ে মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের বিভিন্ন সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় তিনি ইউজিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মতে, নতুন শিক্ষার্থী ভর্তি শুরু হলে সিরাজগঞ্জ ক্যাম্পাসের সামগ্রিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।
উপাচার্য আরও বলেন, আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে গড়ে উঠতে পারবে। এ লক্ষ্য বাস্তবায়নে মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন, ল্যাবরেটরি সুবিধা এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে ৪০ জন শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনুষদটিকে কৃষি গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।